বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত “ফ্রিডোম অব এক্সপ্রেশন ফর ইফেক্টিভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ (ফ্রিড)” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইএসডিও’র ফ্রিড প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়কারী মো. আমিনুল হক।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

