কাজী নাসির মঈদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সচেতনতামূলক আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোবানা তানজিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি উপপরিদর্শক মোছা. খাতিজাতুল কুবরা এবং সহকারী কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ফারুক হোসেন, আব্দুস সবুর মিয়া, ছালমা খানম, রেবেকা সুলতানা, মাহাবুর রহমান, পিইইআর প্রকল্প দীপশিখার এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, সিনিয়র ফিল্ড সুপারভাইজার (কৃষি) গোলাম সারোয়ার, ফিল্ড সুপারভাইজার আইনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিষমুক্ত ও নিরাপদ ফল চাষের বিকল্প নেই। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ফল চাষে উদ্বুদ্ধকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

