রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (২১ জুন) সকাল ১০টায় রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের নেতৃবৃন্দ ভূমিমন্ত্রীর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে পরিবহন শ্রমিকদের কল্যাণ, পরিবহন খাতের উন্নয়ন এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নেতৃবৃন্দ রেন্ট-এ-কার খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে রাজশাহীতে সিএনজি ফিলিং স্টেশনের সংখ্যা বৃদ্ধি, যানবাহন রিকুইজিশন, চালকদের হয়রানি এবং অন্যান্য দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা বলেন, শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
ক্রেস্ট গ্রহণের পর ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবি ও কল্যাণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ-বি-৩৪২৭ ট্রেড ইউনিয়নের সভাপতি মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মাসুম, সেক্রেটারি জিলহজ্জ, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক মো. ছোটন আলী, সড়ক সম্পাদক কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মিন্টু, হাফিজ ও মামুনসহ মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

