নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে এক বিদেশি পর্যটককে হয়রানির ঘটনায় টিকটকার আব্দুল মাবুত হিরোকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে ও নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন।
এ ঘটনায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন স্থানে এমন আচরণ দেশের পর্যটন ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। পরে জয়পুরহাট জেলার বুজরুক এলাকা থেকে অভিযুক্ত টিকটকার আব্দুল মাবুত হিরোকে গ্রেপ্তার করা হয়।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু জানান, বিষয়টি জানার পরই ট্যুরিস্ট পুলিশকে অবহিত করা হয়। তিনি পর্যটকদের নিরাপত্তা ও ঐতিহাসিক স্থানের সুনাম রক্ষায় আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

