পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুরের মধ্যে উপজেলার সদর ও দন্ডপাল ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মো. মামুন ইসলাম (৩০), তিনি খাদিমুল ইসলামের ছেলে এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে আকাব্বর খান গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

