দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস আহমেদ বাপ্পি (২৪) নামে এক নববিবাহিত বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাস আহমেদ বাপ্পি ওই গ্রামের ইউসুফ আলীর একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাসের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নতুন বউকে দেখতে বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড় জমে। ছেলে ও নববধূকে ঘিরে পরিবারে তখন ছিল আনন্দের আমেজ।
কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। বিয়ের রাতেই বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। সেখানে একটি প্যান্ডেলে স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন আনাস। হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল।
নিহতের চাচাতো ভাই রুবেল হোসেন বলেন, শুক্রবার বৌভাতের আয়োজন চলছিল। পরিবারের লোকজন নাচের প্যান্ডেলে নাচ উপভোগ করছিলেন। এ সময় পাশে থাকা একটি ফ্যান আনাসের গায়ের ওপর পড়ে যায়। এরপর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

