স্টাফ রিপোর্টার, নড়াইল
বর্ণাঢ্য আয়োজন, গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নড়াইলে বর্ষা ঋতুকে বিদায় এবং শরৎ ঋতুকে বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে স্থানীয় দুই সাংস্কৃতিক সংগঠন ‘গ্রোভ শিল্পী গোষ্ঠী’ ও ‘সুর দরিয়া’র যৌথ উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে তরুণ শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। তাঁদের পরিবেশনায় উৎসবস্থলে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. কালিদাস বিশ্বাস, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জিসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, ছায়ানট ললিতকলা পরিষদের সভাপতি আসলাম খান লুলুসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. কালিদাস বিশ্বাস বলেন, বর্ষার স্নিগ্ধতা ও সজীবতার পর প্রকৃতিতে আসে শরতের নতুন রূপ। আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা আর শিউলি ফুলের সুবাস চারপাশকে শান্ত ও মোহনীয় করে তোলে। বাংলার চিরন্তন এই প্রকৃতি ও সংস্কৃতির রূপ ধরে রাখতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।
আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে অংশগ্রহণকারী কৃতি শিল্পীদের হাতে অতিথিরা প্রশংসাপত্র তুলে দেন।

