কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় বজ্রপাতে হারুন সানা নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার আমাদী গ্রামের আমাদী বিলে ধান রোপণের কাজ করার সময় বজ্রপাতে তিনি নিহত হন। নিহত হারুন সানা আমাদী গ্রামের বারিক সানার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমাদী বিলের মৃত আজিজ সানার জমিতে দিনমজুর হিসেবে ধান রোপণের কাজ করছিলেন সাতজন শ্রমিক। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে হারুন সানা ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজিত কুমার বৈদ্য বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা হারুন সানাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। চিকিৎসকেরা পরীক্ষা করে নিশ্চিত হন যে, তিনি বজ্রপাতে মারা গেছেন।

