শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে সুপেয় পানির সংকট নিরসনে ওয়াটার অ্যান্ড পাওয়ার এমপাওয়ারমেন্ট (ডব্লিউএপিই) প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপকূলীয় ও সুপেয় পানির সংকটপূর্ণ এলাকার সাধারণ মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ এবং এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কপিল কৃষ্ণ মণ্ডল। চিতলমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শেখ আজমল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়াটার অ্যান্ড পাওয়ার এমপাওয়ারমেন্ট প্রকল্পের ফোকাল পয়েন্ট মোস্তাফিজুর রহমান, এশিয়ান ব্যাংকের কনসালট্যান্ট রাজিব চৌধুরী ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, উপকূলীয় চিতলমারীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। সংকট নিরসনে নিরাপদ পানির উৎস বৃদ্ধি, পানির সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় সুপেয় পানির সংকট নিরসনে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ, প্রকল্প বাস্তবায়ন এবং স্থানীয় জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মতামত তুলে ধরা হয়।

