মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে জেলা শহরের হোটেল বাজার ও বড় বাজার এলাকায় তদারকিমূলক এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, সনদ গ্রহণ না করে এবং নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে আব্দুস সালাম হাওলাদারের ‘ঢাকা কাচ্চি ঘর’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লাইসেন্স নবায়ন না করা এবং কাঁচা মাংসের সঙ্গে খাওয়ার বরফ সংরক্ষণের অভিযোগে মেহেদী হাসানের ‘জোছনা বেকারি ও কনফেশনারি’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে লাইসেন্স ছাড়াই বেকারি পণ্য তৈরি এবং পণ্যে মেয়াদ উল্লেখ না থাকায় আল আরাবি আজিজের ‘আল বারাকা লাইভ বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এভাবে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং যথাযথভাবে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অ. দা.) রিয়াজ মাহমুদ, ক্যাব সভাপতি রফিকুল আলম, জেলা পুলিশের একটি দল ও র্যাব-১২-এর একটি দল।

