মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে যশোর সরকারি সার্ভে ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে যশোর সরকারি সার্ভে ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. এম. এম. নজমুল হক।
সভায় শুরুতেই ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর মো. সোহরাব হোসেন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন ট্রেড, আসন সংখ্যা, সুযোগ-সুবিধা ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি ডিজিটাল কনটেন্টের মাধ্যমে এসব তথ্য উপস্থাপন করেন।
তিনি জানান, যশোর সরকারি সার্ভে ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সার্ভেয়িং টেকনোলজি, ল্যান্ড রিসোর্স সার্ভে অ্যান্ড এনভায়রনমেন্টাল টেকনোলজি, জিওইনফরমেটিক্স টেকনোলজি, ফটোগ্রামেট্রি অ্যান্ড রিমোট সেন্সিং টেকনোলজি এবং ক্যাডাস্ট্রাল টপোগ্রাফি সার্ভে অ্যান্ড ল্যান্ড ইনফরমেশন টেকনোলজি—এই পাঁচটি ট্রেডে মোট ২৫০ জন শিক্ষার্থী অনলাইনে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এ সময় মনিরামপুরে প্রতিষ্ঠিত যশোর সরকারি সার্ভে ইনস্টিটিউটের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা, কারিগরি শিক্ষার গুরুত্ব এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজগঞ্জে অবস্থিত মনিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়, মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছির উদ্দীন, কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াজেদ ও প্রধান শিক্ষক মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।

