বাগেরহাট প্রতিনিধি
যুবসমাজকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাগেরহাটের রামপালে দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে রামপাল উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান মিলন, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা বাবু, প্রেসক্লাব রামপালের সাবেক সভাপতি এম এ সবুর রানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, বাগেরহাটের অনেক যুবক-যুবতী তথ্যের অভাব, আর্থিক সীমাবদ্ধতা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে দুর্বল যোগাযোগের কারণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে (TVET) অংশ নিতে পারেন না। তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মেরিন একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর পৃথক বুথ স্থাপন করে। এসব বুথে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, ভর্তি প্রক্রিয়া, যোগ্যতা, প্রশিক্ষণের সময়কাল এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আগ্রহীদের বিস্তারিত তথ্য দেওয়া হয়।
এ ছাড়া বাঁধন মানব উন্নয়ন সংস্থার নিবন্ধন বুথ থেকে আগ্রহী যুবকদের নিবন্ধনের ব্যবস্থা করা হয়। কিউআর কোডের মাধ্যমেও সহজে নিবন্ধনের সুযোগ রাখা হয়। মেলায় চারটি স্টলে বিভিন্ন ইভেন্ট প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বাঁধন মানব উন্নয়ন সংস্থা, অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও অ্যাক্টিভিস্টা রামপালের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

