স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে পরিবহন বাসের ধাক্কায় বাচ্চু খাঁন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খাঁন লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বাচ্চু খাঁন লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নড়াইল থেকে ঢাকাগামী একটি পরিবহন বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে বাচ্চু খাঁনকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় বাচ্চু খাঁন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

