রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (BIFPCL) উদ্যোগে রামপালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় ৪০৮ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মৈত্রী হাসপাতালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন সার্জারি বিশেষজ্ঞ ও একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক এবং মৈত্রী হাসপাতালের তিনজন মেডিকেল অফিসার চিকিৎসাসেবা দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্প চলাকালে BIFPCL-এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ) ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা (CHRO) ইনচার্জ আনোয়ারুল আজিম এবং উপ-মহাব্যবস্থাপক মো. ওজিউর রহমান মৈত্রী হাসপাতাল পরিদর্শন করেন। তারা ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় কয়েকজন জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়মিত ভালো চিকিৎসক পাওয়া যায় এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় দূরের শহরে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য কষ্টকর। তাই স্থানীয়ভাবে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হচ্ছেন।
BIFPCL-এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ) ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা (CHRO) ইনচার্জ আনোয়ারুল আজিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সায়েন্স ল্যাব নির্মাণসহ নানা উদ্যোগ রয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১ লাখ ১৮ হাজারেরও বেশি স্থানীয় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

