আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) আসর নামাজের পর আশাশুনি থানা সদর বাজার জামে মসজিদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। থানা সদর বাজার জামে মসজিদ কমিটির আয়োজনে র্যালিতে স্থানীয় মুসল্লিরা অংশ নেন। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।
পরে মসজিদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূরুল হক খোকন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মসজিদের ইমাম ও খতিব প্রভাষক হাফেজ মো. বাকী বিল্লাহ।
আলোচনা সভায় সাবেক ইউপি সদস্য সামছুর রহমান, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, অবসরপ্রাপ্ত ব্যাংকার শাহজাহান আলী, আলহাজ মুফতি মাওলানা মনিরুজ্জামান, মোবারক আলী, বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন বাদ মাগরিব মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের ওপর আলোচনা করা হয় এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

