যশোর প্রতিনিধি
যশোরের বিরামপুর সাইকেল হাট এলাকায় নয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ড্রাইভার ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারের পর দুপুরে ফিরোজকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, ফিরোজের বাড়ি বরিশাল জেলায়। তিনি বিরামপুর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ঘটনার পর থেকে তিনি পালিয়ে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ধানক্ষেতে কাজ করা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ এপ্রিল (বুধবার) দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় ভাটাপাড়ার একটি ফাঁকা স্থানে নয় বছরের শিশুটি তার দুই ভাইয়ের সঙ্গে খেলছিল। এ সময় অভিযুক্ত ফিরোজ তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে ফিরোজ পালিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের ওপর মামলা না করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে যশোর কোতোয়ালি থানা পুলিশের হস্তক্ষেপে মামলা রেকর্ড হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানিম জানান, “আসামি পালিয়ে গেলেও প্রযুক্তির সহায়তায় দ্রুত তার অবস্থান নির্ণয় করা সম্ভব হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

