Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছা পৌরসভার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পৌরবাসী

যশোর প্রতিনিধি 
মে ১০, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

যশোরের চৌগাছা পৌরসভা এলাকার অধিকাংশ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের খানাখন্দে জমে থাকছে হাঁটুসমান পানি। কাদা ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, নষ্ট হচ্ছে বিভিন্ন পরিবহনও।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে চারদলীয় জোট সরকারের আমলে চৌগাছা শহর পৌরসভায় উন্নীত হওয়ার পর দ্রুত অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়। তবে ২০২২ সালের পর থেকে পৌরসভার উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময়েও উন্নয়ন কাজ কার্যত বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পার হলেও এখনো দৃশ্যমান কোনো উন্নয়ন কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

চৌগাছা পৌর এলাকার চারটি প্রধান সড়ক বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো হলো— চৌগাছা-কোটচাঁদপুর সড়ক, চৌগাছা-মহেশপুর সড়ক, চৌগাছা-শার্শা সড়ক এবং চৌগাছা-ঝিকরগাছা সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পৌরসভার বাইরের অংশ সংস্কার করলেও পৌরসভার ভেতরের অংশ দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এ ছাড়া পল্লী বিদ্যুৎ অফিস সড়ক, বেড়বাড়ি পাঁচনামনা সড়ক, বাকপাড়া সড়ক, বিশ্বাসপাড়া সড়ক ও কারিগরপাড়া সড়কসহ পৌর এলাকার প্রায় ৯৫ শতাংশ সড়কের অবস্থাই নাজুক বলে জানিয়েছেন স্থানীয়রা।

পাশাপোল কলেজের ইংরেজি প্রভাষক আজিজুর রহমান বলেন, “পৌর শহরের রাস্তাঘাটের এই বেহাল অবস্থার কারণে মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। ছোট-বড় গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।”

স্থানীয় সাংবাদিক এম এ মান্নান বলেন, “এই পরিস্থিতি নিয়ে স্থানীয় পত্রিকাগুলোতে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।”

উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, “পৌরসভার রাস্তাগুলো নিয়ে আমরা খুবই বিব্রতকর অবস্থায় আছি। কেন এগুলো সংস্কার করা হচ্ছে না, তা বোধগম্য নয়। আমার বাড়ির রাস্তাটিও সম্পূর্ণ ভেঙে গেছে।”

পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, “চৌগাছা পৌরসভার সড়কগুলো কখনো এত খারাপ ছিল না। পৌরবাসী চরম ভোগান্তিতে রয়েছে। দ্রুত রাস্তাগুলো সংস্কার করা প্রয়োজন।”

এ বিষয়ে চৌগাছা পৌরসভার প্রকৌশলী রুহুল আমিন জানান, দীর্ঘদিন প্রশাসক না থাকায় উন্নয়ন কাজ ব্যাহত হয়েছে। তবে নতুন প্রশাসক যোগদান করায় শিগগিরই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জি এম এ মুনীব বলেন, “আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। পর্যায়ক্রমে পৌর শহরের সড়কসহ সব উন্নয়ন কাজ দ্রুত শুরু করার চেষ্টা করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।