যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে ট্রাকচালক নিহত এবং হেলপার গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন (৩৩) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রায়হান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬) নিয়ে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে পৌঁছান। সেখানে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী একটি ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকচালক মনোয়ার হোসেন ছিটকে রেললাইনের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপার রায়হানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।
স্থানীয় মোটর শ্রমিক নেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, “আকিজ রিসোর্সেসের ডিপোতে কয়লা লোড করতে হলে এই রেললাইন পার হতে হয়। কিন্তু ক্রসিংটিতে কোনো গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।”
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

