আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, আর্থিক দুর্দশা এবং জীবনের শেষ সময়ে সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টির বিষয়গুলো তুলে ধরা হয়। একইসঙ্গে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন বক্তারা।
ফোরামের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক নীল কণ্ঠ সোম, সহ-সভাপতি মনীন্দ্র নাথ বাছাড়, দুলাল চন্দ্র সানা, কামরুন্নাহার কচি, চিত্তরঞ্জন অধিকারী, যুগ্ম সম্পাদক ইয়াহিয়া ইকবাল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক আবু মুছা মল্লিক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা ইয়াহিয়া ইকবালসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু উপস্থিত সবাইয়ের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাশে থাকার আশ্বাসও প্রদান করেন।
এ সময় বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের ন্যায্য সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

