আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি উপজেলার প্রতাপনগরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৪টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন এপিএস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওলানা মুজিবর রহমান। ইউনিয়ন সেক্রেটারি আলহাজ মাওলানা আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, প্রতাপনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল আলম, ইমাম আলহাজ মাওলানা সোহরাব হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাসুদ রানা, বাজার কমিটির সদস্য আল আমিন, ছাত্রশিবির দক্ষিণ সাথী শাখার তৌহিদুল ইসলাম এবং ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা তৌহিদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শহিদুল ইসলাম এবং উদ্বোধনী বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, “কালিগঞ্জ ও আশাশুনি আমার দুটি চোখ। সন্তান দুটি হলে অসুস্থ সন্তানকে বেশি দেখতে হয়। এজন্য সংসদে এলাকার জলাবদ্ধতা ও সুপেয় পানির বিষয়টি প্রথমে তুলে ধরেছি।”
তিনি আরও বলেন, “সুপেয় পানির জন্য ৯৯ কোটি টাকার বরাদ্দ হয়েছে। এলাকার উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে সংসদে কথা বলছি। এলাকায় প্রায় ৩ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫২ কিলোমিটার পাকা এবং প্রায় ২ হাজার কিলোমিটার কাঁচা রাস্তা। অধিকাংশ পাকা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সব রাস্তা পাকা করার জন্য আমি ডিও লেটার দিয়েছি।”
তিনি বলেন, “আমরা প্রায় আড়াই মাস সময় পেয়েছি। এটি সীমিত সময় হলেও এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছি। জনগণের দাবি পূরণে আন্তরিকভাবে কাজ করবো। একই সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।”
এর আগে এমপি রবিউল বাশার রুইয়ের বিল ও কুড়িকাহুনিয়া ভাঙন এলাকা পরিদর্শন করেন। পরে তিনি ভাসমান সেতুও পরিদর্শন করেন।

