যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক ইউপি সদস্য শামসুল হককে পৃথক দুই ধারায় মোট ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিদুল ইসলাম সোমবার (১২ মে) এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত শামসুল হক চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৬ জুলাই ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেল গোপন সংবাদের ভিত্তিতে শামসুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ১৭০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের এসআই এস এম শাহীন পারভেজ বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আজিজুর রহমান জানান, আদালত এক ধারায় শামসুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরও বলেন, “এ রায়ের মাধ্যমে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।”

