জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য ও জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে গাছ উপহার দিয়ে সবুজ শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আমিমুল ইহসান। এছাড়াও উপস্থিত ছিলেন জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি তারিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাতসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “যুক্তিবাদী, সহনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে বিতর্কচর্চার বিকল্প নেই।”
তিনি জাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ইতিপূর্বের বিভিন্ন ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজেদের দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সংগঠনের সার্বিক মঙ্গল কামনা ও সহযোগিতার আশ্বাস দেন।

