বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুনরায় উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এ সময় এক দখলদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, পলিপ্রয়াগপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন প্রায় ১ একর ৩৬ শতাংশ সরকারি জমিতে পুনরায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করা হয়। এর আগে একই স্থানে উচ্ছেদ অভিযান চালানো হলেও পরে আবারও সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছিল।
এছাড়া একই দিনে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতেও অভিযান চালানো হয়। সেখানে প্রায় আড়াই শতক জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে জমি উদ্ধার করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধ দখলদারিত্ব বরদাশত করা হবে না বলে সতর্ক করা হয়েছে।

