নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক।
চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন শুভ জানান, মেঘনা নদীর ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজের বাড়িতে বসবাস করছে। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে সুবর্ণচরের বাসা থেকে চানন্দী ইউনিয়নের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে একটি সুবর্ণ পরিবহনের বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে পেট, হাত ও পায়ে আঘাত পান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে আঘাত গুরুতর মনে না হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে দুপুর সোয়া ১২টার দিকে পথেই তার মৃত্যু হয়।
সোহেল মাহমুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, স্বজন ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।”

