বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা এবং নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার চালানোর অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম-এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়া যায়।
পরে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

