Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
জুন ১৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে নোয়াখালী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে শতাধিক সাংবাদিকের উপস্থিতি প্রশাসনকে অনুপ্রাণিত করেছে। আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় দিবসে ৪৯ জন শিক্ষক-শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনটি ক্যাটাগরিতে তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

উপাচার্য আরও বলেন, সাংবাদিকদের আলোচনায় উঠে আসা বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পরিচালনার লক্ষ্যে প্রশাসন কাজ করছে। আগামী অর্থবছরে অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে একাডেমিক ভবন-৩ নির্মিত হলে শ্রেণিকক্ষ ও ল্যাব সংকট অনেকাংশে দূর হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে একটি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সোনাপুর থেকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাবাজার পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা গেলে শিক্ষার্থীদের যাতায়াতে আরও সুবিধা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ধাপে ধাপে সমাধান করা হবে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা অতীতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সাংবাদিকদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।