রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী থেকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। এ লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
শনিবার (২০ জুন) নগর ভবনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে রাজশাহীর উন্নয়নে জাপানের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী সিটি করপোরেশন।
আলোচনায় জাপানি প্রতিনিধিরা রাজশাহী অঞ্চলের দক্ষ ও সম্ভাবনাময় জনশক্তি নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, জাপানে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা ক্রমাগত বাড়ছে। এ কারণে রাজশাহী থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের দুটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীর তরুণ জনগোষ্ঠী মেধাবী, পরিশ্রমী ও কর্মক্ষম। যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
তিনি আরও বলেন, রাজশাহী একটি কৃষিপ্রধান অঞ্চল। এখানকার আম দেশজুড়ে সমাদৃত এবং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা রয়েছে। আধুনিক হিমাগার স্থাপন করা গেলে আম দীর্ঘ সময় সংরক্ষণ সম্ভব হবে, যা কৃষক, আমচাষি ও ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে এবং রপ্তানির সুযোগও বাড়াবে।
সাক্ষাৎ শেষে জাপানি প্রতিনিধি দলকে নগর ভবনের কল সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করানো হয়।
জাপানি প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, সান-সান গ্লোবাল এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেকি সাকাকিবারা এবং ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

