জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় জাকিয়া সুলতানা (৩০) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া দক্ষিণপাড়া গ্রামের আনছারের একটি মুরগির খামারের পাশে আমগাছের ডালে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত জাকিয়া সুলতানা ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও বাড়ি থেকে বের হন জাকিয়া। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা খামারের পাশে একটি আমগাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তার বাবা-মা ঘটনাস্থলে গিয়ে গলায় পেঁচানো ওড়না কেটে তাকে নিচে নামান।
কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ নামিয়ে ফেলা হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

