Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে রাস্তা আটকে ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১১

জয়পুরহাট প্রতিনিধি
জুন ২১, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামে রাস্তার ওপর ধানবোঝাই ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আহতরা হলেন মাহমুদুল হাসান মেহেদুল, আবু জাফর মো. সৌরভ, তুষার হোসেন, আনোয়ার হোসেন, আরাফাত হোসেন, আরিফুল ইসলাম, আতিকুল ইসলাম, আব্দুল মোত্তালেব, হবিবর রহমান, দুদু মিয়া ও মজিদা বিবি। এর মধ্যে আতিকুল ইসলাম ও আবু জাফর মো. সৌরভের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক আতিকুল ইসলাম ধানবোঝাই ভ্যান রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখেন। এ সময় মোটরসাইকেলযোগে বাইগুনী চারমাথা বাজারে যাওয়ার পথে আবু জাফর মো. সৌরভ ভ্যানটি দেখে হর্ন দিতে থাকেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১১ জন আহত হন।

আতিকুল ইসলামের মামা জহুরুল ইসলাম অভিযোগ করেন, সামান্য সময়ের জন্য ভ্যান সরাতে দেরি হওয়ায় সৌরভ ক্ষিপ্ত হয়ে আতিকুলকে মারধর করেন। পরে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে সৌরভের মামা আমজাদ হোসেন দাবি করেন, ভ্যান সরানোর অনুরোধ করায় আতিকুল সৌরভকে গালিগালাজ করেন এবং হাতাহাতির সময় তার শার্ট ও গেঞ্জি ছিঁড়ে যায়। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কালাই থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।