নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে এক আদিবাসী নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রেজওয়ান পাঠান (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার দোস্তকুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগের পর স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটক রেজওয়ান পাঠান বাসুদেবপুর গ্রামের মো. মহসিন আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী কাজের কারণে পাশের রাজশাহী জেলার তানোর উপজেলায় অবস্থান করছিলেন। এ সুযোগে রাত সোয়া ১২টার দিকে রেজওয়ান ওই নারীর বাড়িতে যান এবং তাকে ঘুম থেকে ডেকে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তিনি ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।
পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে রোববার সন্ধ্যায় নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, মামলার ভিত্তিতে আসামিকে আটক দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

