নওগাঁ প্রতিনিধি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নওগাঁ জেলায় ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ উপলক্ষে জেলার ২ হাজার ৪৬০টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সংশ্লিষ্ট কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক কার্যক্রম তদারকি ও মনিটরিং জোরদার করা হবে।”
তিনি আরও জানান, ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মাইকিং করা হবে। পাশাপাশি মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ের মাধ্যমে প্রচারণা চালানো হবে।
সভায় বক্তারা শিশুদের অপুষ্টি, রাতকানা রোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’-এর গুরুত্ব তুলে ধরে নির্ধারিত দিনে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

