সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রমত্তা যমুনার প্রায় ২৫ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে মনসুরনগরে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় সম্মান জানিয়েছে কাজিপুর উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ১০টার দিকে মনসুরনগরে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের মৃত্যুর খবর পান তিনি। খবর পাওয়ার পর রাতেই সিরাজগঞ্জ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদানকারী সদস্যদের প্রস্তুত করা হয়। পরে শুক্রবার সকালে তিনি নিজেই প্রায় ২৫ কিলোমিটার যমুনা নদী পাড়ি দিয়ে মনসুরনগরে পৌঁছান।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তার জানাজায় অংশ নেন ইউএনও মোস্তাফিজুর রহমান। জানাজা শেষে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন শালগ্রাম-কুমারিয়াবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাষ্ট্রীয় মর্যাদায় একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা পেয়েছে।

