শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকদের করণীয় নিয়েও আলোচনা হয়।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন শেখের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কৃষ্ণ মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান, সিনিয়র শিক্ষক এফ. এম. আজগর আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, শৃঙ্খলা মেনে চলা এবং অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

