সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরের রাজাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সূজয় সাহা নামে প্রাণ কোম্পানির এক ডেলিভারি কর্মীর মৃত্যু হয়েছে।
নিহত সূজয় সাহা বিনোদপুর কাঁচাবাজারের পাশের বাসিন্দা পবিত্র কুমার সাহার ছেলে। তিনি প্রাণ কোম্পানির ডেলিভারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজাপুর এলাকায় নিজেই গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি নছিমনের সঙ্গে তাঁর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়ির ডাম্পার ভেঙে পড়লে তিনি বুকে ব্যথা অনুভব করেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) এমডি মোতালেব হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তিনি নিজেই গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পরে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

