Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল কলেজে ৫০ ও সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস হবে: স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এর মাধ্যমে টারশিয়ারি পর্যায়ের রোগীদের ডায়ালাইসিসের জন্য ঢাকায় যেতে হবে না।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সকাল ১০টার দিকে মন্ত্রী আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শনে এসে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যা করে ডায়ালাইসিস স্থাপন করতে যাচ্ছি। জেলা পর্যায়ে ৬০টি ডায়ালাইসিস মেশিন থাকবে। প্রতিটি মেশিন দৈনিক তিন রাউন্ড করে চললে প্রায় ১৮০ জন রোগীকে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হবে। মেশিনের টেন্ডার হয়ে গেছে। আশা করি, তিন মাসেরও কম সময়ের মধ্যে এগুলো স্থাপন করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ১০টি করে ডায়ালাইসিস শয্যা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ জন্য ভবন নির্মাণের ডিপিপি প্রস্তুত হয়েছে এবং শিগগিরই টেন্ডার প্রক্রিয়ায় যাবে।

নওগাঁর স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা ৫০ থেকে প্রথমে ১০১ শয্যা ঘোষণা করেছি। এখন এটিকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ করছি। নতুন করে ডিপিপি তৈরি করে দ্রুতই টেন্ডার করা হবে। ১৫১ শয্যার মধ্যে ২৫টি থাকবে নারীদের জন্য এবং ২০টি শিশুদের জন্য। এছাড়া নারী ও পুরুষদের জন্য পৃথক ফিজিওথেরাপি ওয়ার্ড থাকবে।’

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, নওগাঁয় অত্যাধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের পাশাপাশি আধুনিক আল্ট্রাসাউন্ডসহ প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা হবে। হাসপাতালের জন্য নয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরোনো ভবনে উপযোগী ফাউন্ডেশন থাকলে সেটিও প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।

দেশের হাসপাতালগুলোতে জনবল সংকটের বিষয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছরে প্রয়োজন অনুযায়ী নতুন ডাক্তার নিয়োগ হয়নি। দেশে প্রায় ২০ কোটি মানুষ, কিন্তু সেই অনুপাতে চিকিৎসক নেই। আমরা এখন ৫ হাজার ডাক্তার নিয়োগ দিতে যাচ্ছি। এ বিষয়ে সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। পাশাপাশি আড়াই হাজার নার্স ও আড়াই হাজার ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে। পিএসসিতে আরও চিকিৎসকের সাক্ষাৎকার চলছে। আশা করি, আগামী এক বছরের মধ্যে আমরা অনেক ভালো সংখ্যক চিকিৎসক পাব।’

বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের অনিয়মের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে অনেক বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠেছে, যেগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। লাইসেন্স না থাকলে সেগুলো বন্ধ করা হচ্ছে। জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের মাত্র ছয় মাস হয়েছে। আরেকটু সময় দেন। ১৮-২০ বছর দেশে কোনো জবাবদিহিতা ছিল না। আমরা কাজ শুরু করেছি। আশা করি, স্বাস্থ্য খাতকে আরও উন্নত করতে পারব।’

এ সময় নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।