Nabadhara
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Link Copied!

মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে। বিদ্যালয়ের মাঠ ও আশপাশে পানি জমে থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনের মাঠজুড়ে পানি জমে আছে। কোথাও হাঁটুসমান পানি, আবার কোথাও কাদা ও আগাছায় ভরে রয়েছে। এমনকি বিদ্যালয়ের মাঠে হাঁসও বিচরণ করতে দেখা যায়। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ ও বের হতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে পার্শ্ববর্তী বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতে হয়।

ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় তারা খেলাধুলা করতে পারে না। অন্যের বাড়ির ওপর দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে গেলে বাড়ির বাসিন্দারাও বিরক্ত হন। দ্রুত বিদ্যালয়ের মাঠ ভরাট, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং যাতায়াতের উপযোগী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছে তারা।

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের পরিবেশও অনুপযোগী হয়ে পড়েছে। দূষিত পানির মধ্য দিয়ে চলাচল করায় কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের চর্মরোগেও আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনিয়া পারভিন বলেন, “জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের প্রধান গেট বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অন্যের বাড়ির ওপর দিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য ইতোমধ্যে মাপ নিয়েছেন। দ্রুত জলাবদ্ধতা নিরসন করে বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, “উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিও বিষয়টি আমাকে জানায়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সমস্যা নিরসনে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমার সঙ্গে দেখা করতে বলা হয়েছে।”

স্থানীয়দের প্রত্যাশা, কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়ের মাঠ ভরাট, পানি নিষ্কাশন ও যাতায়াতের উপযুক্ত ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।