রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরকার ওমর ফারুক। সোমবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খুলনা জেলা পুলিশের নেতৃত্বে যুক্ত হলেন তিনি।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশের কর্মকর্তারা। পরে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন সরকার ওমর ফারুক। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের চলমান কার্যক্রম এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবার কাছ থেকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব বুঝে নেন নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন, মো. বাবুল হোসাইন হাওলাদার, এম. এম. তারিক-উল্লাহ, শাহেদুল ইসলাম ও বিপ্লব কুমার নন্দী।
এ ছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক জেলা পুলিশের সদস্যদের সঙ্গে নিয়ে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পুলিশের কর্মকর্তারা আশা করছেন, নতুন নেতৃত্বে খুলনায় পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে।

