মনিরামপুর (যশোর) প্রতিনিধি
‘শুভ কাজে, সবার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে জলাতঙ্ক ও সর্পদংশন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) উপজেলার নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক সন্তোষ পাল, সিনিয়র শিক্ষক সুতপা রানী রায় চৌধুরী, মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ লিটন, মিলন কুমার হালদার, খলিলুর রহমান, জহুরুল ইসলাম, গোলাম রসুল, সেলিনা আক্তার, ফারুক হোসেন, মাহমুদুল হাসান, মেহেদী হাসান, জগন্নাথ মজুমদার এবং দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার।
প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ বলেন, “একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো একটি পরিবারের সারাজীবনের কান্নার কারণ হতে পারে। তাই শিক্ষার্থীদের শুধু নিজেরাই সচেতন হলে হবে না, পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। সাপের কামড় বা প্রাণীর কামড়কে ভয় নয়, দ্রুত চিকিৎসার বিষয় হিসেবে দেখতে হবে।”
সভায় বক্তারা বলেন, কুকুর, বিড়াল বা শিয়ালের কামড় কিংবা আঁচড় লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ক্ষতস্থান ধুয়ে ফেলতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত সময়ে জলাতঙ্কের টিকা গ্রহণ করতে হবে।
একইভাবে সাপের কামড়ের পর ওঝা, কবিরাজি বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন বক্তারা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাপের কামড়ের ক্ষতস্থানে কোনো ধরনের প্রলেপ বা মলম ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সহসভাপতি ডা. হাবিবুর রহমান, মো. হাদিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর সরকারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

