Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ওমরাহর টাকা দিয়ে ১৫০ ফুট সড়ক সংস্কার, বদলে গেল মানুষের চলার পথ

রাসেল আহামেদ, খুলনা প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহামেদ, খুলনা প্রতিনিধি

ওমরাহ পালনের স্বপ্নে দীর্ঘদিন ধরে সেলাই করে টাকা জমিয়েছিলেন হাবিবা খাতুন। কিন্তু নিজের স্বপ্ন পূরণের আগে সেই সঞ্চয় দিয়ে গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবের সিদ্ধান্ত নিলেন তিনি। স্বামীর সঙ্গে পরামর্শ করে ওমরাহর জন্য জমানো টাকা দিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার কেয়াখালী গ্রামের প্রায় ১৫০ ফুট কাঁচা সড়ক সংস্কার করেছেন হাফেজ মো. ওয়াহিদুজ্জামান ও তাঁর স্ত্রী হাবিবা খাতুন।

গত ২০ আগস্ট স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সড়কটির ইটের সোলিংয়ের কাজ শেষ করা হয়। দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ কাটিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর কয়েক দশক পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির তেমন উন্নয়ন হয়নি। বর্ষা এলেই কাদা-পানিতে একাকার হয়ে যেত পথটি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও মুসল্লিদের। জরুরি প্রয়োজনে রোগীকে কাদামাখা পথ পেরিয়ে মূল সড়কে নিতে হতো।

তাঁদের অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। নির্বাচনের আগে রাস্তা পরিদর্শন ও সংস্কারের আশ্বাস মিললেও পরে আর কাজ হয়নি।

এ অবস্থায় গ্রামের মানুষের দুর্ভোগ দেখে এগিয়ে আসেন হাফেজ মো. ওয়াহিদুজ্জামান। বিষয়টি নিয়ে স্ত্রী হাবিবা খাতুনের সঙ্গে আলোচনা করেন তিনি। দীর্ঘদিন সেলাইয়ের কাজ করে ওমরাহ পালনের জন্য জমানো অর্থ রাস্তা সংস্কারে ব্যয়ের সিদ্ধান্ত নেন হাবিবা। পরে ওই অর্থ দিয়ে ইট ও বালু কেনা হয়। স্থানীয়দের অংশগ্রহণে শুরু হয় সংস্কারকাজ। কয়েক দিনের প্রচেষ্টায় প্রায় ১৫০ ফুট সড়কে ইটের সোলিং করা হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ওমর ফারুক বলেন, “নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এসে রাস্তা দেখে সংস্কারের কথা বলতেন। কিন্তু নির্বাচন শেষ হলে আর তাঁদের দেখা মিলত না। ওয়াহিদুজ্জামান নিজের অর্থ খরচ করে রাস্তা সংস্কার করায় গ্রামের মানুষ উপকৃত হয়েছেন।”

মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “হাবিবা খাতুন সেলাই মেশিন চালিয়ে কষ্ট করে ওমরাহ পালনের জন্য টাকা জমিয়েছিলেন। গ্রামের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তিনি সেই টাকা রাস্তার কাজে দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।”

হাবিবা খাতুন জানান, ২০০৮ সালে ওয়াহিদুজ্জামানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর ওমরাহ পালনের ইচ্ছা ছিল। এ জন্য সেলাই শেখেন এবং কাজ করে উপার্জন শুরু করেন। সংসারের প্রয়োজন মিটিয়ে অবশিষ্ট অর্থ আলাদা করে জমাতে থাকেন।

তিনি বলেন, “বাড়ির আশপাশের রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে বর্ষাকালে কাদার কারণে মানুষের চলাচল কঠিন হয়ে পড়ত। ফজরের নামাজে যাওয়ার সময় ইমাম ও মুসল্লিদেরও কষ্ট হতো। গ্রামের মানুষের এই দুর্ভোগ দেখে মনে হয়েছে, আগে রাস্তাটি ঠিক করা দরকার। তাই স্বামীকে ওমরাহর জন্য জমানো টাকা দিয়ে রাস্তা সংস্কারের পরামর্শ দিয়েছি।”

হাবিবা বলেন, “ওমরাহ পালনের ইচ্ছা এখনো আছে। আবার নতুন করে টাকা জমাচ্ছি। আশা করি, আল্লাহ একদিন আমার সেই ইচ্ছা পূরণ করবেন।”

নিজের অর্থে রাস্তা সংস্কারের বিষয়ে হাফেজ মো. ওয়াহিদুজ্জামান বলেন, “মানুষের পাশে দাঁড়ানোও ইবাদতের অংশ। গ্রামের মানুষের প্রতিদিনের কষ্ট চোখের সামনে দেখার পর আর বসে থাকতে পারিনি। স্ত্রীর সম্মতিতেই তাঁর জমানো টাকা দিয়ে রাস্তার কাজ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষের উপকারে যদি নিজের সামান্য সঞ্চয়ও কাজে লাগে, সেটাই বড় পাওয়া। আল্লাহর রহমতে কাজটি শেষ করতে পেরেছি।”

মানবিক কাজে ওয়াহিদুজ্জামানের যুক্ত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। করোনাভাইরাস মহামারির সময় তাঁর নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী ‘দাফন টিম’ গড়ে ওঠে। দলটি খুলনা বিভাগে করোনায় মারা যাওয়া দুই শতাধিক মানুষের মরদেহ দাফন ও সৎকারে অংশ নেয়। সে সময় ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয়ভাবে প্রশংসিত হয় দলটি।

এবার নিজের পরিবারের বহুদিনের স্বপ্নের জন্য জমানো অর্থ ব্যয় করে গ্রামের মানুষের চলার পথ সহজ করে দিয়েছেন ওয়াহিদুজ্জামান ও হাবিবা খাতুন। তাঁদের উদ্যোগে শুধু একটি সড়কই সংস্কার হয়নি, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন কেয়াখালী গ্রামের মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।