স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে নড়াইল জেলা ছাত্রদল।
সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ সাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত জিএম মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।
জানা গেছে, সোমবার জিএম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা জিএম মাশরাফির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ সাথীল ও সদস্য সচিব মামুন গাজীর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

