রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. ফরিদুল ইসলাম।
শনিবার (৯ মে) বিকেল ৪টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন বন্ধ করে বৃষ্টির পানি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় ভূগর্ভস্থ পানি উত্তোলন পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সম্ভব হলেও মনুষ্যসৃষ্ট পরিবেশগত সংকট থেকে উত্তরণ কঠিন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির বিকল্প হিসেবে বৃষ্টির পানি গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সোলার-পাওয়ারভিত্তিক নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে, যেখানে এনজিওগুলো সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ছাত্রীদের জন্য নিরাপদ ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সহকারী পুলিশ সুপার (মংলা সার্কেল) রেফাতুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল থানার ওসি মো. রাজিব আল রশিদ, পরিবেশবিদ মো. নূর আলম শেখসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা উপকূলীয় এলাকায় লবণাক্ততা ও পানির সংকট নিরসনে সৌরশক্তিনির্ভর টেকসই পানি সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপকূলীয় জনগোষ্ঠী নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালাটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজন করা হয়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুধীজন অংশ নেন।

