তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কক্ষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে তালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে তারা শিক্ষা ও কর্মজীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর কার্যকর ও সঠিক ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ এবং শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। এছাড়া প্রশিক্ষক মুশফিকুর রহমান, গ্রীনম্যানের সুজয় চক্রবর্ত্তী, নিশাত শাহিন নোভা, আয়শা আক্তার, খালিদ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অংশ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুফল বিশ্বাস বলেন, “বর্তমান সময়ে এআই ছাড়া কাজের গতি কল্পনাও করা যায় না। এ প্রশিক্ষণ আমাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অন্যদিকে শিক্ষার্থী অরিশা রাণী অথৈ বলেন, “এআই ব্যবহার করে আমরা বিভিন্ন শিক্ষামূলক কাজ শিখেছি। এটি আমাদের পড়াশোনাকে আরও সহজ ও কার্যকর করবে।”
আয়োজকরা জানান, গ্রীনম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টার যুব ও নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা হচ্ছে।

