শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে নেশাগ্রস্ত ছেলের হামলায় দাউদ আলী গাজী (৮৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টেংরাখালী গ্রামের বাসিন্দা দাউদ আলী গাজী পেশায় একজন বনজীবী। বয়সের ভার সত্ত্বেও সংসারের অভাব-অনটনের কারণে এখনও জীবিকার তাগিদে কাজ করে স্ত্রীকে নিয়ে কোনোরকমে জীবনযাপন করছেন।
তার ছোট ছেলে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য সে প্রায়ই বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ রয়েছে। এমনকি ভয়ভীতি দেখিয়ে বৃদ্ধ পিতার কাছ থেকে টাকা আদায় করত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্তির কারণে রফিকুল ইসলামের সংসারেও দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। স্বামী-স্ত্রীর কলহের একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে বৃদ্ধ পিতার ওপর চাপ সৃষ্টি করেন রফিকুল। তবে ছেলে মাদকাসক্ত হওয়ায় তার সংসারে স্থায়ী অশান্তি বিরাজ করছিল বলে এ বিষয়ে সম্মতি দেননি দাউদ আলী গাজী।
অভিযোগে বলা হয়, রোববার (১০ মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে রফিকুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে তার বৃদ্ধ পিতার ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি আঘাতে বৃদ্ধের দুই হাত ফুলে জখম হয়।
বৃদ্ধের চিৎকার শুনে প্রতিবেশী রোকেয়া খাতুন, মারুফা খাতুন ও শামীম হোসেন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
বর্তমানে বৃদ্ধ দাউদ আলী গাজী ও তার স্ত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটিতে অশান্তি চলছিল এবং মাদকাসক্ত ছেলের আচরণে বৃদ্ধ দম্পতি মানবেতর জীবনযাপন করছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভুক্তভোগী বৃদ্ধকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।

