নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (১০ মে) দুপুর ও বিকেলে কচুয়া সদর ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী চৌরাস্তায় অভিযান চালিয়ে মো. আল-আমীন হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আল-আমীন গিমটাকাঠি গ্রামের মো. শাজাহান হাওলাদারের ছেলে। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে।
এদিকে একই দিন বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কচুয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় নওশের আলীর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন— গিমটাকাঠি গ্রামের হায়দার খানের ছেলে মো. বাদল খান (৩৩), কচুয়া সদরের মঙ্গল বেপারীর ছেলে মাসুম বেপারী (২৬) এবং গিমটাকাঠি গ্রামের সহিদ শিকদারের ছেলে মো. আরিফ হোসেন (২২)। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় আরও একটি মামলা (নং-০৭) দায়ের করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

