স্টাফ রিপোর্টার, নড়াইল
পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে নড়াইলে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নড়াইল জেলা হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে নড়াইল সদর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
মানববন্ধনে সদর উপজেলা ফারিয়ার সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক দিপেন বর্মন ও উপদেষ্টা মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সময় তাদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে।
জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার বলেন, “সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত দালালবিরোধী অভিযানে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভকে আটক করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে আদালত তাদের ছেড়ে দেন। এ ধরনের ঘটনায় প্রতিনিধিদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।”
এসময় বক্তারা হাসপাতাল ও ক্লিনিকে ফার্মাসিউটিক্যাল প্রতিনিধিদের কাজের ক্ষেত্রে বাধা দূর, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাটির জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।

