আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের একটি অগ্রাধিকারমূলক উদ্যোগ, যা জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার (১১ মে) সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়নে বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, “খাল কাটা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ অধিক ফসল উৎপাদন করতে পারে এবং এলাকার জলাবদ্ধতা দূরীকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করবো।”
তিনি আরও জানান, খালসহ জেলার একাধিক খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এর বাস্তবায়নে ২৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার দীর্ঘ বসুখালী খালটি পুনঃখনন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। স্বাগত বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খাল পুনঃখননের ফলে এলাকার কৃষি ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের সম্ভাবনা তৈরি হবে।

