আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ও কক্ষ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।
পরে তিনি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বসে সার্বিক কার্যক্রম সম্পর্কে তথ্য নেন। এ সময় জানা যায়, হাসপাতালে জনবল সংকট রয়েছে, পাশাপাশি অ্যাম্বুলেন্সের জ্বালানি বাবদ প্রায় ৩ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স চালকের ওভারটাইম বাবদ চার মাসের বেতনও বকেয়া আছে। ক্লিনার, আয়া ও ওয়ার্ড বয়ের ঘাটতির কারণে সেবা কার্যক্রমে চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়।
এমপি রবিউল বাশার সাংবাদিকদের বলেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ৩১ শয্যার তুলনায়ও কম জনবল নিয়ে হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে। তবে রোগীদের সঙ্গে কথা বলে তিনি জানান, আগের তুলনায় বর্তমানে তারা কিছুটা উন্নত সেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে প্লেটসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ সময় তিনি চিকিৎসকদের প্রতি রোগীদের সেবায় আরও আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, অফিস সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুসসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

