দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও কারেন্ট জাল উদ্ধারসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। সোমবার দুপুর পৌনে ৩টায় বিজিবি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কামারপাড়া গোরস্থান এলাকায় রোববার রাত ৭টা ১০ মিনিটে বিজিবির টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারী মো. রুবেল হোসেন (৩০) কে ভারতীয় ১০ বোতল মদ এবং ৫ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপসহ আটক করা হয়। তিনি প্রাগপুর এলাকার মো. মুকুল হোসেনের ছেলে।
একইদিন রাত ১১টা ৩০ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ এবং ১ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ কেজি ৭০০ গ্রাম কারেন্ট জাল উদ্ধার করা হয়। প্রায় একই সময় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর ঘাট এলাকায় আরেক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৩ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়।
বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক, মাদকদ্রব্য ও কারেন্ট জালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৫৮ হাজার ৩০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তায় এমন দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

