রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের আহ্বানে পরিচালিত এ অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকান, ক্যান্টিন ও জুস বার পরিদর্শন করা হয়। এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার সংরক্ষণে অনিয়ম এবং খাদ্যের মান বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ পাওয়া যায়। অভিযান চলাকালে কালিযুক্ত কাগজের প্যাকেট, বাসি খাবার ও অনুমোদনহীন ফুড কালার জব্দ করা হয়।
অভিযানে ফটিক জলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চারু আড্ডা, বাইটস এন্ড ব্রিউ লাইফ বেকারি এবং রুয়েট ক্যাফেটেরিয়াকে ২ হাজার টাকা করে সতর্কতামূলক জরিমানা করা হয়। এছাড়া খাবারে পোকা পাওয়াসহ বিভিন্ন অভিযোগে বাংলা টিফিন ক্যান্টিনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। শহীদিলের টং থেকে কালিযুক্ত কাগজের প্যাকেট জব্দ করে সতর্ক করা হয় সংশ্লিষ্টদের।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী, রাজশাহীর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং বিএসটিআইয়ের ইনস্পেক্টিং অফিসার ইঞ্জিনিয়ার জোনায়েদ আহমেদ। রুয়েট প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার।
অভিযান সম্পর্কে ফজলে এলাহী বলেন, “রুয়েট ক্যাম্পাসে জুস বার থেকে শুরু করে শিক্ষার্থীদের খাবারের বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মের ব্যত্যয় পাওয়া গেছে। তাদের সতর্কতামূলকভাবে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।”
ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, “উপাচার্য মহোদয়ের নির্দেশে শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, শিক্ষার্থীরা অভিযানকে স্বাগত জানালেও খাবারের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিংয়ের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন অনেকে।

