সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্রাম রোড থেকে সিংড়াবাড়ী শ্মশানঘাট সংযোগ সড়কের খালের ওপর নির্মিত একটি সেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সেতুটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
১১.৫ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হয়েছে। নির্মাণকাজ বাস্তবায়ন করে মেসার্স সিয়াম এন্ড সিনান এন্টারপ্রাইজ। ২০২৫-২৬ অর্থবছরে নির্মিত এ সেতুর ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ ৯১ হাজার ৫১১ টাকা।
উদ্বোধন অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বলেন, “সেতুটি নির্মিত হওয়ায় যমুনা নদীর তীরঘেঁষা পাটাগ্রাম ও সিংড়াবাড়ী এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের চলাচল ভোগান্তির অবসান ঘটবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মামুন হোসেন হিটলারসহ অনেকে।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার।
স্থানীয়রা জানান, সেতুটি চালু হলে দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও গতি আসবে।

